
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): মানবিকতার খাতিরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ মানুষের পাশে দাঁড়াল ভারত। গত ১৬ মার্চ কাবুলে পাকিস্তানের বিমান হামলায় আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় শুক্রবার আড়াই টন (২.৫ টন) জরুরি ওষুধ ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জয়সওয়াল জানান, ভারতের এই সহায়তার মধ্যে রয়েছে জরুরি জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সামগ্রী, বিভিন্ন কিট এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম। তিনি আরও উল্লেখ করেন যে, ভারত আফগান জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে তাঁদের সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদান চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ‘ওমিদ নেশামুক্তি ও চিকিৎসা কেন্দ্র’ -এ বিমান হামলা চালায়। এই ভয়াবহ হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং ২৫০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে চলা সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত শুরু থেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বর’ বলে অভিহিত করেছে এবং আফগান নাগরিকদের এই সংকটে পাশে থাকার অঙ্গীকার করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি