
শিবমোগ্গা, ২০ মার্চ (হি.স.) : কর্নাটকের শিবমোগ্গার ত্যাবরেকোপ্পা টাইগার অ্যান্ড লায়ন সাফারিতে গর্ভবতী জলহস্তীর হামলায় এক তরুণ পশুচিকিৎসকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বন, পরিবেশ ও জীববিজ্ঞান মন্ত্রী ঈশ্বর খান্দ্রে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা ২৭ বছর বয়সি ডা. সমীক্ষা রেড্ডি সম্প্রতি পশুচিকিৎসক হিসেবে যোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি চিড়িয়াখানার হাসপাতালে একটি পাখির চিকিৎসার জন্য যান। পরে একটি গর্ভবতী জলহস্তীর শারীরিক অবস্থা পরীক্ষা করতে থার্মাল ক্যামেরা নিয়ে তার ঘেরাটোপে প্রবেশ করেন।
সেই সময় হঠাৎই জলহস্তীটি তাঁর উপর আক্রমণ চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি অস্ত্রোপচার করা হলেও শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে মন্ত্রী ঈশ্বর খান্দ্রে জানান, রাজ্য সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। মৃতের পরিবারকে নিয়ম অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সমস্ত চিড়িয়াখানায় বন্যপ্রাণীর চিকিৎসার সময় নির্ধারিত নিয়ম (এসওপি) কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার তদন্তে সিনিয়র পশুচিকিৎসক ও বন আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য