শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রচার শুরু বিজেপি প্রার্থী প্রণত টুডুর
ঝাড়গ্রাম, ২০ মার্চ (হি.স.): শহীদ কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রচার শুরু করলেন বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। শুক্রবার এক প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা ঘিরে এলাকায় রাজনৈতিক বার্তা ও জ
শহীদ পরিবারের সাথে দেখে করে প্রচার শুরু করলেন বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু


ঝাড়গ্রাম, ২০ মার্চ (হি.স.): শহীদ কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রচার শুরু করলেন বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। শুক্রবার এক প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা ঘিরে এলাকায় রাজনৈতিক বার্তা ও জনসংযোগের বিশেষ আবহ তৈরি হয়েছে।

এদিন সকালে জামবনি ব্লকের দুবড়া অঞ্চলের ভাদুই গ্রামে গিয়ে প্রয়াত বিজেপি কর্মী কিশোর মান্ডীর বাড়িতে পৌঁছন প্রণত টুডু। সেখানে তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচির মাধ্যমে ‘ত্যাগ ও সংগ্রাম’-এর বার্তা তুলে ধরা হয়।

পরে তিনি শিলদা মণ্ডলের অন্তর্গত বাবা ভৈরব থানায় পুজো দিয়ে প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। মন্দির চত্বরে স্থানীয় আদিবাসী মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ধামসা-মাদলের তালে ঐতিহ্যবাহী নৃত্য ও মিছিলের মাধ্যমে প্রার্থীকে অভ্যর্থনা জানানো হয়।

প্রচারের সময় বর্তমান সরকারের বিরুদ্ধে সরব হয়ে প্রণত টুডু অভিযোগ করেন, বেলপাহাড়ি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও ভৈরব থানের উন্নয়ন হয়নি। এরপর শিলদা অঞ্চলের বিভিন্ন গ্রাম ও এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি, স্থানীয় সমস্যা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন।

দিনের শেষপর্বে কামারবান্ধি গ্রামে আদিবাসী কবি-সাহিত্যিক সাধু রামচাঁদ মুর্মুর মূর্তিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী। আদিবাসী সমাজের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করার চেষ্টা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। গতবার তিনি ঝাড়গ্রাম কেন্দ্র থেকে জয়ী হলেও এবার কেন্দ্র বদল করে বিনপুরে প্রার্থী হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande