মসজিদে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ , চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—পলাতক অভিযুক্ত
টঙ্ক, ২০ মার্চ (হি.স.): রাজস্থানের টঙ্ক জেলার দিগ্গি থানার কালামান্ডা গ্রামে মসজিদের ভিতরে আগুনে পুড়ে গুরুতর জখম হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক
মসজিদে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ , চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—পলাতক অভিযুক্ত


টঙ্ক, ২০ মার্চ (হি.স.): রাজস্থানের টঙ্ক জেলার দিগ্গি থানার কালামান্ডা গ্রামে মসজিদের ভিতরে আগুনে পুড়ে গুরুতর জখম হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্ত ইমাম ঘটনার পর থেকেই পলাতক, পুলিশ খোঁজে তল্লাশি শুরু করেছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হাকিম পিনারা (৪৮)। তিনি স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত মসজিদে যেতেন। অভিযোগ, ১৮ মার্চ রাতে তাঁর সঙ্গে মসজিদের ইমাম আবিদ আব্দুল রশিদের মধ্যে বিবাদ হয়।

পরদিন সকালে নামাজ পড়তে গিয়ে হাকিম মসজিদে পৌঁছন। নামাজ শেষে শৌচাগারে ঢোকার সময় তাঁর ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বাইরে থেকে দরজা বন্ধ করে অভিযুক্ত পালিয়ে যায়। ভিতরে আটকে থাকা হাকিম প্রায় ১০ মিনিট ধরে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে স্থানীয়রা এসে দরজা খুলে তাঁকে উদ্ধার করেন।

গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে মালপুরা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে জয়পুরের সাওয়াই মানসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, তাঁর শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ইমামের সঙ্গে মৃতের আগেও বিবাদ ছিল এবং এ বিষয়ে অভিযোগও করা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। মৃত হাকিম পিনারা জয়পুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।

পুলিশ অভিযুক্ত আবিদ আব্দুল রশিদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তিনি যোধপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande