
নবদ্বীপ, ২০ মার্চ (হি. স.) : নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে ধর্মীয় আবহে নির্বাচনী প্রচারের সূচনা করলেন বিজেপি মনোনীত প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। শুক্রবার সকালে বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের বিগ্রহ মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। দলীয় পতাকা, শঙ্খধ্বনি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।পুজো দেওয়ার পর তিনি নবদ্বীপের একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিক্রমা করেন। সেবাসন মন্দির, মহাপ্রভুর জন্মস্থান আশ্রমসহ বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। প্রতিটি জায়গাতেই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন চান।প্রচার শুরুর আগে শ্রুতি শেখর গোস্বামী বলেন, “মহাপ্রভু আমাকে নবদ্বীপবাসীর সার্বিক ও আধ্যাত্মিক উন্নতির দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্য নিয়েই আমি মানুষের কাছে যাচ্ছি।” তাঁর এই মন্তব্যকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যায়।মন্দির পরিক্রমার পর তিনি নিজে হাতে দেওয়াল লিখন করে প্রচারের বার্তা ছড়িয়ে দেন। এতে প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।উল্লেখ্য, প্রার্থী ঘোষণা ঘিরে দীর্ঘ জল্পনার পর দ্বিতীয় দফার তালিকায় তাঁর নাম ঘোষিত হয়। এরপর থেকেই নবদ্বীপ জুড়ে জোরকদমে প্রচার শুরু করেছে বিজেপি শিবির।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়