
কলকাতা, ২১ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোটের মুখেই বড়সড় ভাঙন দেখা গেল আইএসএফ ও তৃণমূল কংগ্রেসে। বসিরহাটের মাওলানা বাগে আমজনতা উন্নয়ন পার্টির এক যোগদান সভায় একাধিক নেতা-কর্মী দলবদল করলেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বিস্তারিত জানানো হয়েছে।দলের রাজ্য সভাপতি খোবায়েব আমিনের উপস্থিতিতে বারুইপুর পূর্বের আইএসএফ পর্যবেক্ষক জয়দীপ গায়েন—যিনি প্রাক্তন বিধায়ক ললিত গায়েনের পুত্র—আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। তাঁর সঙ্গে জয়নগরের শিক্ষক সন্দীপ নস্করও এদিন নতুন দলে শামিল হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি মহম্মদ সহিদুল লস্করের হাত ধরে তৃণমূল ও আইএসএফ-এর একাধিক কর্মী ও সমর্থক আমজনতা উন্নয়ন পার্টির পতাকা তুলে নেন। যোগদানের পর নতুন নেতারা জানান, যোগ্য নেতৃত্বের সন্ধানেই তাঁদের এই সিদ্ধান্ত এবং ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য।অন্যদিকে, ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লাও কয়েকশো কর্মীকে নিয়ে এদিন দল ছেড়েছেন। ভগবানপুর অঞ্চলের প্রাক্তন প্রধান ও অঞ্চল সভাপতির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে টিকিট বণ্টনে অনিয়ম ও অর্থ লেনদেন হয়েছে। তিনি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই পরিস্থিতির প্রতিবাদেই তাঁদের দলত্যাগ। রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত