
রানাঘাট, ২১ মার্চ (হি. স.) : শনিবার প্রার্থী বদলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার রানাঘাট। বিজেপির রানাঘাট জেলা পার্টি অফিসে চেয়ার ভাঙচুর করে বিক্ষোভ দেখালেন দলের একাংশ কর্মী-সমর্থক। অভিযোগ, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ থেকেই এই বিক্ষোভ।বিক্ষোভে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ অংশ নেন বলে জানা গেছে। তাঁদের দাবি, স্থানীয় ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী প্রার্থী না দিয়ে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে প্রার্থী বদলের দাবিতে তারা পার্টি অফিসে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন পার্টি অফিসের ভিতরে চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা স্থানীয় কর্মীদের গুরুত্ব না দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে, যা তারা মানতে পারছেন না। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে জেলা বিজেপির অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়