
হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) অনুরাগ গোয়েল (আইএএস) আজ শনিবার ডিমা হাসাও জেলা সদর শহর হাফলং এসেছেন। হাফলঙে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকরিক গায়ত্রী দেবিদাস হায়ালিঙ (আইএএস) এবং সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, রিটার্নিং অফিসার একে ইলিয়াস আহমেদের উপস্থিতিতে জেলাশাসকের কনফারেন্স হল-এ পর্যালোচনা বৈঠক করেছেন (সিইও) অনুরাগ।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল জেলার স্ট্রংরুম, নির্বাচনী সুবিধা এবং নির্বাচন ব্যবস্থাপনার প্রধান প্ৰধন দিকগুলো পরিদর্শন করেছেন। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়োজিত প্রতিটি সেলের তথ্য নিয়ে জেলা কমিশনার তথা জেলা নির্বাচনী আধিকারিক একটি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সব তথ্য তুলে ধরেন।
সিনিয়র পুলিশ সুপার রিপুনজয় কাকতি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের জন্য জেলার আইন-শৃঙ্খলার দিকগুলোর ওপর একটি পিপিটি প্রেজেন্টেশনও দেন।
ডিমা হাসাও জেলার ২৬১টি ভোটকেন্দ্রের মধ্যে একটি মডেল ভোটকেন্দ্র, ১৫টি মহিলা ভোটকেন্দ্র থাকবে, যেখানে শুধুমাত্র মহিলা আধিকারিক থাকবেন। এছাড়া ১১টি ভোটকেন্দ্রে ইন্টারনেট, মোবাইল পরিষেবা না থাকা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য, কোনও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়নি।
এদিকে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছে জেলা প্রশাসন। আজকের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সকল সেল ইনচার্জদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় কোনও সমস্যা দেখা দিলে সে সবের দ্রুত সমাধানের লক্ষ্যে নিযুক্ত আধিকারিকদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় থাকা আবশ্যক।
বৈঠকে তিনি সেল ও সকল নির্বাচনী আধিকারিক-কর্মচারীদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সতর্কতা, যে কোনও সমস্যা সক্রিয়ভাবে মোকাবিলা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন।
বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার, সহকারী কমিশনার, জেলা ফোর্স কো-অর্ডিনেটর এবং বিভিন্ন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব