
গুয়াহাটি, ২১ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটির জলুকবাড়ি এলাকায় অবস্থিত গুয়াহাটি বিশ্ববিদ্যালয় চত্বরের একটি পুকুর থেকে আজ শনিবার অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শরাইঘাট কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন প্রথমে পুকুরের জলে দেহটি ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী-র কর্মীরা। তাঁরা মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করেছেন।
পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, একটি মৃতদেহ এসডিআরএফ-এর দল উদ্ধার করেছে, কিন্তু তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে কোনও নথি বা ব্যক্তিগত জিনিসপত্রও পাওয়া যায়নি, যা দিয়ে পরিচয় নিশ্চিত করা যেত। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ফরেনসিক রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে, বলেছেন পুলিশের তদন্তকারী অফিসার। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ নির্ধারণের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এটি দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যু, নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনা, এখনও কিছুই নিশ্চিত নয়, পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস