
আগরতলা, ২১ মার্চ (হি.স.) : দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে শনিবার ত্রিপুরা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র ঈদ-উল-ফিতর।
শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পর শনিবার রাজ্যজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন। রাজধানী আগরতলার শিবনগর এলাকার গেদু মিয়ার মসজিদে সকালেই বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজে অংশ নেন। নামাজ পরিচালনা করেন হজরত মাওলানা আব্দুর রহমান কাসেম।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে ইমাম হজরত মাওলানা আব্দুর রহমান কাসেম বলেন, একমাস রমজানের রোজা পালনের মাধ্যমে সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির যে শিক্ষা লাভ করা হয়, ঈদ সেই সাধনারই পরিপূর্ণতা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর এই উৎসব মানবজাতির জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তিনি রাজ্য ও দেশের শান্তি, সম্প্রীতি এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হোক—এই কামনায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিন শুধু শিবনগরের গেদু মিয়ার মসজিদেই নয়, টাউন কেন্দ্রীয় জামে মসজিদ-সহ আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সব মসজিদেই ঈদের বিশেষ নামাজ আদায় করা হয়।
উল্লেখ্য, ঈদ-উল-ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা রমজান মাসব্যাপী রোজা পালনের পর আনন্দ, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ