
কলকাতা, ২১ মার্চ (হি.স.): আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে মৃত্যুর ঘটনায় শনিবার নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দিল। যেখান থেকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকেও ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। নমুনা নেওয়া হয়েছে বেসমেন্ট থেকেও। লিফ্টের রক্ষণাবেক্ষণের অভাব ছিল কি না, ঠিক কোথায় গলদ ছিল, খুঁজে বার করতে মরিয়া তদন্তকারীরা। লালবাজারের গোয়েন্দারা বিষয়টি দেখছেন। টালা থানা থেকে হোমিসাইড বিভাগ তদন্তভার গ্রহণ করেছে। অরূপের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, তাঁর হাত, পা এবং পাঁজর ভেঙে গিয়েছে। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎও আঘাতে ফেটে (রাপচার) গিয়েছে।
উল্লেখ্য, আরজি করের লিফ্টে আটকে বেঘোরে প্রাণ হারিয়েছেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। তিন বছরের সন্তানের চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ভোররাতে ট্রমা কেয়ারের লিফ্টে আটকে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং সন্তানও। অভিযোগ, লিফ্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক বার উপরে উঠে একেবারে নেমে যায় বেসমেন্ট পর্যন্ত। সেখানে দরজা একবার খুলেছিল। বেরিয়ে আসেন অরূপের স্ত্রী, সন্তান। কিন্তু তিনি বেরোনোর আগেই দরজা বন্ধ হয়ে যায়। লিফ্ট উপরে উঠতে শুরু করে। এই সময়ে লিফ্টের দরজায় আটকে গুরুতর জখম হন অরূপ। পরে তাঁর মৃত্যু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ