
কৃষ্ণগঞ্জ, ২১ মার্চ (হি. স.) : aনির্বাচনের দামামা বাজতেই নদিয়ার কৃষ্ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শনিবার সরকারি দেওয়ালে শাসকদলের প্রার্থীর সমর্থনে লিখনকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী দল বিজেপি।নির্বাচন ঘোষণার পর কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের নির্দেশে রাস্তার দু’ধারের সমস্ত রাজনৈতিক পতাকা, ব্যানার ও ফেস্টুন সরানোর কাজ শুরু হয়। অভিযোগ, সেই নির্দেশ মেনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সামগ্রী সরানো হলেও কৃষ্ণগঞ্জের কৃষক বাজারের বিপরীতে শিবনিবাস বাসস্ট্যান্ডের সরকারি দেওয়ালে শাসকদলের সমর্থনে করা লিখন এখনও মোছা হয়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও বিস্ময় তৈরি হয়েছে।এই প্রসঙ্গে বিজেপির জেলা কনভেনার অমিত প্রামাণিক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, নির্বাচন কমিশনের কর্মীরা এখনও শাসকদলের হয়ে কাজ করছেন। তাঁদের দলের পতাকা দ্রুত খুলে ফেলা হলেও সরকারি দেওয়ালের লিখন কেন এখনও রয়ে গেছে, সেই প্রশ্ন তোলেন তিনি। অবিলম্বে ওই লিখন মুছে ফেলার দাবি জানানো হয়েছে।যদিও এই বিষয়ে প্রশাসন বা নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়