
কলকাতা, ২১ মার্চ (হি. স.): জমি সংক্রান্ত বিবাদের জেরে ঈদের দিন সকালেই রক্তাক্ত হলো মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া গ্রাম। শনিবার ভোরে আগ্নেয়াস্ত্র নিয়ে এক পরিবারের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। আহতদের মধ্যে রয়েছেন তৌহিদ শেখ (৭০), তাঁর দুই ছেলে আমিরুল শেখ (৫০) ও রবিউল শেখ (৩৫) এবং দুই নাতি আসিফ (১৮) ও বানারুল (২৫)।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এদিন আচমকা এই হামলা চালানো হয়। অভিযোগ, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে গুলি চালায় ও মারধর শুরু করে। তবে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। ধস্তাধস্তির মধ্যেই হামলাকারীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র কেড়ে নিতে সক্ষম হন তাঁরা।
রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পুলিশের হাতে তুলে দিয়েছে আক্রান্ত পরিবার। এই ঘটনায় পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত