
কলকাতা, ২১ মার্চ (হি. স.) : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের প্রশাসনিক স্তরে চূড়ান্ত অব্যবস্থা ফের প্রকাশ্যে এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী মঙ্গলবার একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সংশ্লিষ্ট হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা উত্তর কলকাতার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় প্রশাসনিক স্তরে চূড়ান্ত গাফিলতির বিষয়টি স্পষ্ট। উদ্ভূত পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজতে এবং ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে পূর্বনির্ধারিত এই বৈঠকটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, শুক্রবারই হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা সুপারিন্টেনডেন্টের সঙ্গে দেখা করে অবিলম্বে আলোচনার দাবি জানিয়েছেন। অন্যদিকে, জুনিয়র ডক্টরস ফ্রন্টও এই বিষয়ে তাদের অবস্থান জানাতে এবং গাফিলতির প্রতিকার চাইতে মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে চলেছে। সূত্রের খবর, ডা. অনিকেত মাহাতো ও তাঁর সহযোগী চিকিৎসকেরা এই বৈঠকে তাঁদের সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাব পেশ করবেন।
উল্লেখ্য, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০) তাঁর তিন বছরের ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে এসে এই দুর্ঘটনার শিকার হন। ঘটনায় ইতিমধ্যেই ৩ জন লিফট অপারেটর এবং ২ জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখাও এই ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত