
শিলিগুড়ি, ২১ মার্চ (হি.স.): ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। শনিবার তিনি যখন বোতল কোম্পানি এলাকায় প্রচারে যান, তখন এক স্থানীয় যুবক তাঁকে ঘিরে ধরে তীক্ষ্ণ প্রশ্ন করতে শুরু করেন।
ওই যুবকের অভিযোগ, এলাকার বিভিন্ন সমস্যার সময় এবং বিশেষ নিবিড় পুনরীক্ষণ (এসআইআর) প্রক্রিয়ার চলাকালীন বিধায়ক তথা প্রার্থীর দেখা মেলেনি। একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের বিপদে পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এই অভিযোগের জবাবে শিখা চট্টোপাধ্যায় জানান যে, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে একটি প্রশাসনিক বিষয়। তাই সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা অনুচিত মনে করেই তিনি সচেতনভাবে দূরত্ব বজায় রেখেছিলেন। তিনি আরও যোগ করেন যে, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি অনুযায়ী কোথায় উপস্থিত থাকা প্রয়োজন, তা তিনি নিজেই স্থির করেন।
বিজেপি প্রার্থী এই পুরো ঘটনাকে একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, যাঁরা প্রশ্ন তুলেছেন তাঁরা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী। নির্বাচনী প্রচারের পরিবেশ নষ্ট করার জন্যই সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তবে এই ধরণের অভিযোগকে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ।
হিন্দুস্থান সমাচার / সোনালি