অকাল বৃষ্টিতে বিপর্যস্ত কৃষক, ভাগলপুরে ফসলের ব্যাপক ক্ষতি
ভাগলপুর, ২১ মার্চ (হি.স.) : অসময়ের বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিহারের ভাগলপুর জেলায় কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। মাঠে থাকা গম, ছোলা, মসুর, সরিষা, ভুট্টা-সহ একাধিক রবি ফসল নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় ফসল মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ নষ
অকাল বৃষ্টিতে বিপর্যস্ত কৃষক, ভাগলপুরে ফসলের ব্যাপক ক্ষতি


ভাগলপুর, ২১ মার্চ (হি.স.) : অসময়ের বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিহারের ভাগলপুর জেলায় কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। মাঠে থাকা গম, ছোলা, মসুর, সরিষা, ভুট্টা-সহ একাধিক রবি ফসল নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় ফসল মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ নষ্ট হওয়ায় কৃষকদের আর্থিক ক্ষতি বেড়েছে।

ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে ফলের বাগানেও। আম ও লিচুর গাছে মুকুল ও ছোট ফল ঝরে পড়ায় উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে। মোহনপুর গ্রামের কৃষকদের অভিযোগ, চলতি বছরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রথমে বন্যায় ধান নষ্ট হয়, এরপর অসময়ের বৃষ্টিতে অবশিষ্ট ফসলের ক্ষতি হয়। পরে খালে হঠাৎ জল আসায় শত শত একর জমির রবি ফসল ডুবে যায়।

এবার ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে অবশিষ্ট ফসলও নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা। বিশেষ করে ভুট্টা, গম, সরিষা এবং আম-লিচুর ক্ষতি বেশি হয়েছে। বিহপুর ও সংলগ্ন এলাকায় প্রায় ১০০০ একরের বেশি ভুট্টা ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ক্ষয়ক্ষতির হিসাব করে দ্রুত ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কৃষকরা। সর্বভারতীয় কৃষক সভার জেলা সমন্বয়ক নিরঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর নামে বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির নিরীক্ষা করে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তারা আরও বড় সংকটে পড়বেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande