
মথুরা, ২১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার কোসিকালন এলাকায় সড়ক দুর্ঘটনায় ‘ফরসা বাবা’ নামে পরিচিত গো-রক্ষক চন্দ্রশেখরের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ সেনা নামাতে হয়। প্রায় তিন ঘণ্টা পর দিল্লি-আগ্রা জাতীয় সড়কের অবরোধ তুলে দেওয়া সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে কুয়াশার মধ্যে একটি সন্দেহভাজন গাড়ি থামাতে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে চন্দ্রশেখরকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই ঘটনায় গোরু পাচারের কোনও যোগ নেই।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং পাথর ছোড়া শুরু হয়। এতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে সেনা মোতায়েন করে এলাকা শান্ত করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনার রিপোর্ট তলব করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য