
কোচবিহার, ২১ মার্চ (হি.স.): ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার জেলায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের লগ্ন থেকে যুক্ত থাকা বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত খোকন মিঞা শনিবার ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।
এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্ব ধীরজ কুমার সাহু এবং প্রদীপ কুমার বলমুচুর উপস্থিতিতে তিনি কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন। যোগদান পর্বে খোকন মিঞাকে বেশ আবেগপ্রবণ দেখায় এবং তিনি একাধিকবার চোখের জল ফেলেন।
দীর্ঘ ২৮ বছর তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা খোকন মিঞা দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, তৃণমূল এখন আর রাজনৈতিক দল নেই, এটি একটি কর্পোরেট সংস্থা এওয় পরিণত হয়েছে। পুরনো কর্মীদের সেখানে কোনো সম্মান নেই। টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, পুরনো নেতাদের উপেক্ষা করে নতুন মুখদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই অবমাননা সহ্য করতে না পেরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, খোকন মিঞা অতীতে যুব সভাপতি, ব্লক সভাপতি এবং জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে, কংগ্রেস তাঁকে কোচবিহার দক্ষিণ আসন থেকে প্রার্থী করতে পারে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, অসন্তোষ থাকতেই পারে তবে দলের ভেতরে থেকেই বিষয়টির সমাধান করা উচিত ছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি