সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট, গ্রেফতার দুই
আগরতলা, ২১ মার্চ (হি.স.) : ত্রিপুরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার আপত্তিকর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি শেয়ার করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই তথ্য জানিয়েছে পুলিশ প্রশাসন। অভিযুক
ত্রিপুরা পুলিশ


আগরতলা, ২১ মার্চ (হি.স.) : ত্রিপুরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার আপত্তিকর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি শেয়ার করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই তথ্য জানিয়েছে পুলিশ প্রশাসন।

অভিযুক্তদের পরিচয় হিসেবে নরসিংগড়ের বাসিন্দা দীপক চন্দ্র পাল এবং নন্দননগরের মঙ্গল কলইয়ের নাম জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে দীপক চন্দ্র পালকে আটক করা হয়। অন্যদিকে, শুক্রবার গভীর রাত প্রায় ৩টা নাগাদ নন্দন নগর এলাকায় অভিযান চালিয়ে মঙ্গল কলইকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কিছু ‘এআই-জেনারেটেড’ আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ছবিগুলি দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যার ফলে বিষয়টি পুলিশের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়।

ঘটনার পর পুলিশের একাধিক দল পৃথকভাবে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই ছবিগুলির উৎস এবং কীভাবে সেগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রযোজ্য আইনি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও ধরনের বিভ্রান্তিকর বা আপত্তিকর কনটেন্ট—বিশেষ করে এআই-নির্ভর কনটেন্ট—শেয়ার করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande