
শ্রীভূমি (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : আসন্ন ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্ৰাৰ্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলাশাসকের কার্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনও যানবাহন রাখা যাবে না। তবে এই আদেশ কর্তব্যরত রাজ্যের সরকারি ও কেন্দ্রীয় কর্মচারী, পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অ্যাম্বুলেন্স বা অগ্নিনির্বাপক পরিষেবার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ সম্পৰ্কে এক বিজ্ঞপ্তি জারি করেছেন শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞপ্তিতে এছাড়া আরও জানানো হয়েছে, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এক আদেশ জারি করে সমগ্র জেলায় অবিলম্বে কার্যকরযোগ্য কিছু বিধিনিষে জারি করেছেন।
জারিকৃত বিধিনিষেধ অনুসারে অনুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া নিষিদ্ধ। এতে অনুমতি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠান বা গেস্ট হাউসে নির্বাচনী প্রচার চালানো যাবে না। যে কোনও ধরনের অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন এবং জনসমক্ষে বা ব্যক্তিগত স্থানে বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও জনসভা, রেলি, ধর্না বা মিছিল করা যাবে না। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও আগাম অনুমতি বাধ্যতামূলক। পাশাপাশি, কোনও জাতি, ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে এমন কোনও উস্কানিমূলক ভাষণ, স্লোগান, ব্যানার বা দেওয়াল লিখন কঠোরভাবে নিষিদ্ধ।
এই বিজ্ঞপ্তিতে ভোটারদের প্রভাবিত করার জন্য মদ, নেশাজাতীয় দ্রব্য বা নগদ টাকা বিতরণ করা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই আদেশ লঙ্ঘিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস