
দুর্গাপুর, ২২ মার্চ (হি.স.) : রবিবার গলসি বিধানসভার মানকরে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানকর রাইপুর এলাকায় বিভিন্ন পাঁচিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ ‘পরিবর্তন সভা’র পোস্টার লাগানো ছিল। অভিযোগ, রবিবার ওই পোস্টারগুলির মধ্যে কয়েকটি ছিঁড়ে ফেলে তার ওপর তৃণমূল কংগ্রেসের দেওয়াল-লিখন হয়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা।
গলসি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন, “তৃণমূলের এটাই রাজনৈতিক সংস্কৃতি। দেশের প্রধানমন্ত্রীর ছবির প্রতিও তাদের কোনও শ্রদ্ধা নেই। পোস্টার ছিঁড়ে বিকৃত করে তার ওপর দেওয়াল-লিখন হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝি। তাঁর দাবি, “আমাদের দলের কেউ পোস্টার ছেঁড়েনি। পোস্টারের পাশে দেওয়াল-লিখন হয়েছে। বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষ তার জবাব ইভিএমে দেবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা