
ঝাড়গ্রাম, ২২ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলার একাধিক থানা পরিদর্শন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা। রবিবার বেলপাহাড়ি, বিনপুর, লালগড় ও জামবনি থানায় গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি নির্বাচন কমিশনের নীতি ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে পুলিশকর্মীদের অবহিত করেন তিনি।
মানব সিংলা জানান, হিংসামুক্ত, প্রভাবমুক্ত ও ভীতিমুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে হবে। বুথ দখল, ছাপ্পা ভোট ও যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও জানান, প্রতিটি থানাকে সর্বোচ্চ সতর্কতায় থেকে দায়িত্ব পালন করতে হবে। ভোটের আগে নিয়মিত টহল, নাকা তল্লাশি এবং সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি বাড়ানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো