
গুয়াহাটি, ২২ মাৰ্চ (হি.স.) : দলীয় নেতা জয়ন্তকুমার দাসকে দল ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি শইকিয়া জয়ন্ত দাসের পদত্যাগের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। তিনি জয়ন্তকুমার দাসকে তাঁর সিদ্ধান্ত আবার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বলে জানান।
দিলীপ বলেন, জয়ন্ত দাস দিশপুর বিধানসভা এলাকায় দলের জন্য অনেক পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর অবদানের প্রশংসা করে শইকিয়া বলেন, তিনি ওই অঞ্চলে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়।
এক প্রশ্নের জবাবে দলের প্রদেশ সভাপতি বলেন, যখন দলের জাতীয় মুখপাত্র তথা উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্র ও জাতীয় সম্পাদক জয়ন্ত দাসের বাড়িতে গিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করে এসেছেন, তখন আর অন্য কারও তাঁর বাড়িতে যাওয়ার কোনও প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
দিলীপ শইকিয়া বলেন, দিশপুর আসনে তাঁকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিশেষ পরিবর্তিত কারণে তাঁর বদলে অন্য (প্রদ্যুৎ বরদলৈ) একজনকে এই আসনে টিকিট দিতে হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস