
তিনসুকিয়া (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত জাগুনের দশমাইল এলাকায় অবস্থিত আসাম পুলিশ কমান্ডো ক্যাম্পে আজ ভোররাত প্রায় ২:১০ মিনিট নাগাদ গ্রেনেড হামলায় চার জওয়ান আহত হয়েছেন। ক্যাম্পে পাঁচটি রকেট লঞ্চার নিক্ষেপের পাশাপাশি ব্যাপক গুলিবর্ষণ করেছে সন্দেহভাজন উগ্রপন্থীরা।
অরুণাচল প্রদেশের পার্শ্ববর্তী চা বাগান এলাকায় সংগঠিত এই ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশের জনৈক পদস্থ আধিকারিক বলেছেন, এখন পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনার সঙ্গে অসমের উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম, ইন্ডিপেন্ডেন্ট (আলফা-আই)-এর জড়িত থাকার সম্ভাবনা সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সন্দেহভাজন আলফা-আই-এর সশস্ত্র ক্যাডাররা গ্রেনেড হামলা চালিয়েছিল রকেট লঞ্চারের মাধ্যমে। তবে হামলার সঙ্গে সঙ্গে কমান্ডোরা পাল্টা জবাব দেয়। প্রায় ৩০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি-সংঘর্ষ চলে। এতে চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন সামান্য এবং একজন গুরুতরভাবে জখম হয়েছেন। আহতদের দ্রুত ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে ভর্তি করা হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে।
আহত কমান্ডোদের যোরহাটের চিত্তরঞ্জন মিলি, দেবাশিস বরা, চাবুয়ার রবি গৌর। আরও একজনের নামধাম জানা যায়নি।
উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যে তিনসুকিয়ায় এ ধরনের ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। হামলাকারীদের খোঁজে প্রশাসন তল্লাশি অভিযান, নাকাবন্দি এবং আকাশপথে নজরদারি জোরদার করেছে। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সংগঠিত এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস