
হুগলি, ২২ মার্চ (হি.স.) : ভোটের প্রচারের মাঝেই আরামবাগ মেডিকেল কলেজের সামনে জমে থাকা নোংরা জল নিষ্কাশনের উদ্যোগ নিল সিপিএম নেতৃত্ব ও কর্মীরা। রবিবার সকালে প্রচারে বেরিয়ে জল জমে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন সিপিএম নেতৃত্ব| নিজেরাই জল ছেঁচে সরানোর কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামান্য বৃষ্টিতেই হাসপাতালের সামনে জল জমে যায়, যা দীর্ঘদিন ধরে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। ফলে রোগী ও সাধারণ মানুষকে সেই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে।
এদিন সিপিএম প্রার্থী বিথীকা পণ্ডিতকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন স্থানীয় নেতা-কর্মীরা। প্রচারের সময়েই তাঁদের নজরে আসে জল জমে রয়েছে। এরপর প্রচার বন্ধ রেখে দলীয় পতাকা কাঁধে নিয়েই জল নিষ্কাশনের কাজ শুরু করেন তাঁরা। পাশাপাশি হাসপাতালের সামনে অবস্থান-বিক্ষোভও করেন।
সিপিএম নেতৃত্বের অভিযোগ, মেডিকেল কলেজে পরিকাঠামোগত অব্যবস্থার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রার্থী বিথীকা পণ্ডিতও এই ঘটনা নিয়ে শাসক দলের সমালোচনা করেন।
ভোটের প্রচারে নানা কর্মসূচির মধ্যে এই ঘটনাকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA