
কলকাতা, ২২ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা সোমবার প্রকাশিত হতে পারে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ হবে।
এরপর প্রতি শুক্রবার করে ধারাবাহিক ভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের মোট প্রায় ৮০ হাজার ৬৮১টি বুথের মধ্যে ৪০ হাজার বুথের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। তালিকা প্রকাশের পর তা সংশ্লিষ্ট বুথে টাঙিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের মধ্যে ২৭ লক্ষ ২৩ হাজারের নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। বাকি অংশের যাচাই প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ