
আগরতলা, ২২ মার্চ (হি.স.) : বকেয়া পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে রবিবার আগরতলা টাউন হলে সম্মেলন করল ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং জুটমিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। সম্মেলন থেকে শ্রমিকদের বঞ্চনা দূরীকরণে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্মেলন এবং জুটমিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি-এর সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ধনমনি সিং সহ অন্যান্য নেতৃত্ব।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক ধনমনি সিং অভিযোগ করেন, উচ্চ আদালতের রায়ের দুই বছর অতিক্রান্ত হলেও রাজ্য সরকার এখনও শ্রমিকদের ন্যায্য পাওনা সম্পূর্ণরূপে পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে পুনরায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে তিনি বলেন, বকেয়া দ্রুত পরিশোধের দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দাবি পূরণের লক্ষ্যে আগামী ৪ এপ্রিল জুট মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে গণ-নোটিশ প্রদান করা হবে।
সম্মেলনের প্রধান অতিথি পুরুষোত্তম রায় বর্মন বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সরকারের কাছ থেকে দাবি আদায় সম্ভব—এর উজ্জ্বল দৃষ্টান্ত জুটমিলের শ্রমিকরাই স্থাপন করেছেন। তাঁদের সংগ্রামী মানসিকতাকে সম্মান জানাতেই তিনি এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ