
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাত পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, যখন এই ধরনের সংকট দেখা দেয়, তখন কিছু অসাধু মানুষ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই, উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা-সহ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে থাকা সমস্ত সংস্থাকে সতর্ক করা হয়েছে। এই যুদ্ধের কারণে কঠিন বৈশ্বিক পরিস্থিতি দীর্ঘকাল ধরে চলতে পারে। তাই, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। করোনাভাইরাস মহামারীর সময় ঐক্যবদ্ধ থেকে আমরা আগেও এই ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। আমাদের অবশ্যই খুব সতর্ক ও সজাগ থাকতে হবে। কিছু মানুষ পরিস্থিতির সুযোগ নিতে গুজব ছড়ানোর চেষ্টা করবে। আমরা অবশ্যই এই ধরনের লোকদের সফল হতে দেব না।
প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি রাজ্য সরকারগুলির কাছেও আবেদন করব, এমন সময়ে কালোবাজারি ও মজুতদারি বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। সুতরাং, কঠোর নজরদারি প্রয়োজন। এই ধরনের কার্যকলাপের দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ