
প্রয়াগরাজ, ২৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি কোল্ড স্টোরেজ ফেসিলিটির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আরও ১২ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনার ফলে অ্যামোনিয়া গ্যাস লিক হয় এবং ব্যাপক জরুরি তৎপরতা শুরু হয়। পুলিশ আধিকারিক কুলদীপ গুণবত বলেন, কোল্ড স্টোরেজ ফেসিলিটি হঠাৎ ধসে পড়ায় শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তিনি বলেন, “আহত সকল শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রয়াগরাজের জেলা প্রশাসক মনীশ কুমার বর্মা বলেন, এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। আমরা আহতদের একটি তালিকা তৈরি করছি। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ