
গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর উত্তর অসম প্রান্তের নামে এক দুষ্টচক্র সামাজিক মাধ্যমে এআই-এর মাধ্যমে তৈরিকৃত একটি ভুয়ো পোস্ট ছড়িয়েছে। এই ভুয়ো পোস্ট প্রকাশ্যে আসার পর, এ বিষয়ে আরএসএস-এর গুয়াহাটি মহানগর সংঘচালক গুরুপ্রসাদ মেধি আজ গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। ঘটনাটির পরিপ্রেক্ষিতে গুয়াহাটিতে অবস্থিত আসাম ক্রাইমব্রাঞ্চের সাইবার সেল এবং নয়াদিল্লির রোহিণী সাইবার সেলে লিখিত এফআইআর দায়ের করা হয়েছে।
গুয়াহাটি মহানগর সংঘচালক গুরুপ্রসাদ মেধি জানান, আরএসএস-এর ভাবমূর্তি নষ্ট করতে এবং মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা তথ্যসংবলিত পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ভুয়ো তথ্যের প্রচার সমাজের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে বিপর্যস্ত করতে পারে এবং সমাজের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের ওপর হুমকি সৃষ্টি করতে পারে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অসমের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করে আরএসএস-এর গুয়াহাটি মহানগর কমিটি পুলিশ প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে।
অন্যদিকে, এ ঘটনায় নয়াদিল্লির রোহিণী সাইবার পুলিশ ফাঁড়িতেও একটি এফআইআর দায়ের করা হয়েছে। নয়াদিল্লির রোহিণী সেক্টর-৯-এর লালজ্যোতি অ্যাপার্টমেন্টের বাসিন্দা অক্ষয় আগরওয়ালা গত ২১ মাৰ্চ রোহিণী সেক্টর-১৭-এ অবস্থিত দিল্লি পুলিশের সাইবার সেলে এফআইআর দায়ের করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস