
মালদা, ২৪ মার্চ (হি. স.):- রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়।জানা গিয়েছে, ওই এলাকায় উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস নামে একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস রয়েছে। এদিন সকালে সংস্থার অফিসের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বহু গ্যাস গ্রাহক। ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা অনেকদিন আগে গ্যাস বুক করেছিলেন। বুকিং করার পর তাদের মোবাইলে গ্যাস ডেলিভারির মেসেজও আসে। কিন্তু তারপরও তারা গ্যাস সিলিন্ডার হাতে পাচ্ছেন না। তাদের অভিযোগ, সাধারণ গ্রাহকদের না দিয়ে গ্যাস কালোবাজারি করে বিক্রি করা হচ্ছে।এই অভিযোগের প্রতিবাদেই তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়