
হাইলাকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে আবগারি বিভাগ জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ মদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে।
গত ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পরিচালিত এই অভিযানে আবগারি দল মোট পাঁচটি অভিযান এবং দুটি পেট্রোলিং পরিচালনা করে। এই সময়ের মধ্যে মোট ৩২টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে অসম আবগারি (সংশোধিত) আইন, ২০১৮-এর ৫৩(১) ধারায় ৩১টি এবং ৬১(৩) ধারায় একটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযান চলাকালীন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং জরিমানা বাবদ এক হাজার টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে, অভিযানের সময় কোনও আইএমএফএল বিয়ার বা দেশি স্পিরিট জব্দ করা না গেলেও ঘটনাস্থলগুলি থেকে বিপুল পরিমাণের অবৈধ সামগ্রী ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪০ লিটার দেশি মদ, প্রায় ৯৬০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ১২টি ডিস্টিলিং যন্ত্র।
আবগারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে অবৈধ মদ উৎপাদন ও বিক্রি রুখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের প্রভাবমুক্ত রাখতে প্রশাসন সর্বতোভাবে সতর্কতা অবলম্বন করেছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস