পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেও ২৪টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী, স্থগিত কিছু পরিষেবা
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেও এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যৌথভাবে মঙ্গলবার মোট ২৪টি নির্ধারিত ও অনির্ধারিত উড়ান পরিচালনা করবে। তবে নিরাপত্তাজনিত কারণে কয়েকটি গন্তব্যে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রা
পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেও ২৪টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী, স্থগিত কিছু পরিষেবা


নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেও এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যৌথভাবে মঙ্গলবার মোট ২৪টি নির্ধারিত ও অনির্ধারিত উড়ান পরিচালনা করবে। তবে নিরাপত্তাজনিত কারণে কয়েকটি গন্তব্যে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, জেড্ডা ও মাস্কাটের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত পরিষেবা চালু থাকবে। ভারত ও জেড্ডার মধ্যে মোট ১০টি উড়ান পরিচালিত হবে। এর মধ্যে দিল্লি থেকে একটি এবং মুম্বই থেকে দুটি ফিরতি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হায়দরাবাদ ও কোঝিকোড় থেকে একটি করে উড়ান পরিচালনা করবে।

মাস্কাট রুটেও নির্ধারিত পরিষেবা বজায় রাখা হচ্ছে। দিল্লি ও মুম্বই থেকে মোট চারটি উড়ান চালানো হবে বলে জানানো হয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-র জন্য ১০টি অতিরিক্ত অনির্ধারিত উড়ান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে এই উড়ানগুলি স্লটের প্রাপ্যতা এবং সংশ্লিষ্ট বিমানবন্দরের পরিস্থিতির উপর নির্ভর করবে। সংস্থার মতে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande