
গুয়াহাটি, ২৪ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনের দিনে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রটি সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়ো এবং এআই-নির্মিত পোস্ট ছড়িয়ে দিচ্ছে। সংঘ সম্পর্কে ভুয়ো প্রচারে জনগণকে বিভ্রান্ত না-হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর অসম প্রান্তের প্রচারপ্রমুখ কিশোর শিবম।
আজ এক বিজ্ঞপ্তি জারি করে এই আহ্বান জানিয়ে কিশোর শিবম বলেছেন, সম্প্রতি বিজেপির টিকিট বণ্টন নিয়ে পরমপূজনীয় সরসংঘচালকের নামে একটি ভুয়ো চিঠি ভাইরাল হয়েছে। এর পরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারপ্রমুখের নামেও আরেকটি ভূয়া বার্তা ছড়ানো হয়েছে। ওই ভুয়ো বার্তায় দাবি করা হয়েছ, আরএসএস অসমে মাংস খাওয়া নিষিদ্ধ করতে চায়।
সমস্ত বিষয়ে কিশোর শিবম স্পষ্ট করে বলেন, এ সব চিঠি এবং পোস্ট সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং আরএসএস-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এ সব করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন কিশোর।
তিনি বলেন, ইতিমধ্যে সরসংঘচালকের নামে প্রচারিত ভুয়ো চিঠির বিষয়টি সংঘ গুরুত্ব সহকারে নিয়ে গুয়াহাটি মহানগর সংঘচালক গুরুপ্রসাদ মেধি গুয়াহাটি সাইবার সেল এবং দিল্লি সাইবার সেলে অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সন্দেহজনক উৎস থেকে প্রচারিত কোনও তথ্য বিশ্বাস না করতে এবং যাচাই না করে শেয়ার না করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ‘শেয়ার করার আগে যাচাই করুন — ভুয়া খবর ছড়ানোর মাধ্যম হবেন না’, প্রেস বিজ্ঞপ্তিতে এ কথাও উল্লেখ করেছেন কিশোর শিবম।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস