
জগদলপুর, ২৪ মার্চ (হি. স.) : ছত্তিশগড়ের বস্তার-কে নকশালমুক্ত করার নির্ধারিত সময়সীমার এক সপ্তাহ আগেই বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বড়মাপের শেষ সক্রিয় নকশাল কমান্ডার পাপারাও ১৮ জন সহযোগীকে নিয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন।
তিনি একে-৪৭ সহ একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে বিজাপুর জেলার কুটরু থানায় পৌঁছন। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর নিরাপত্তা বাহিনী আত্মসমর্পণকারী সকলকে জগদলপুরে নিয়ে যায়।
ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানান, মোট ১৮ জন নকশাল আত্মসমর্পণ করেছেন, তাঁদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন মহিলা। তাঁদের কাছ থেকে ৮টি একে-৪৭, একটি এসএলআর ও একটি ইনসাস রাইফেল-সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে।
পাপারাওয়ের আত্মসমর্পণের ফলে পশ্চিম বস্তার ডিভিশন কমিটি কার্যত ভেঙে পড়লো বলে মনে করা হচ্ছে। এর আগে ‘দেবা’-র আত্মসমর্পণের পর পাপারাও-ই ছিলেন শেষ সক্রিয় শীর্ষ কমান্ডার।
৫৬ বছর বয়সি পাপারাও ওরফে মঙ্গু সুকমা জেলার বাসিন্দা। তিনি দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য এবং বস্তার ডিভিশনের সেক্রেটারি হিসেবে কাজ করতেন।
উল্লেখ্য, গত বছর একাধিক শীর্ষ নকশাল নেতা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন, অনেকে আবার আত্মসমর্পণ করেছেন। এবার পাপারাওয়ের আত্মসমর্পণের পর বস্তার অঞ্চলে নকশাল কার্যকলাপ কার্যত শেষের পথে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য