টিকিট বাতিল ও রিফান্ড নিয়মে বড় বদল, একাধিক সংস্কার রেলের
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি. স.) : রেলের টিকিট-ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করতে টিকিট বাতিল ও রিফান্ড ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তনের ঘোষণা করল ভারতীয় রেল। মঙ্গলবার ‘রিফর্ম এক্সপ্রেস’ উদ্যোগের অধীনে এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী ব
টিকিট বাতিল ও রিফান্ড নিয়মে বড় বদল, যাত্রীসুবিধা বাড়াতে একাধিক সংস্কার রেলের


নয়াদিল্লি, ২৪ মার্চ (হি. স.) : রেলের টিকিট-ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করতে টিকিট বাতিল ও রিফান্ড ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তনের ঘোষণা করল ভারতীয় রেল। মঙ্গলবার ‘রিফর্ম এক্সপ্রেস’ উদ্যোগের অধীনে এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের দাবি, এই সংস্কারের মূল লক্ষ্য প্রকৃত যাত্রীদের টিকিট নিশ্চিত করা এবং গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলা।

নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বাতিলের সময়সীমা আগের ৪৮, ১২ ও ৪ ঘণ্টা থেকে বাড়িয়ে যথাক্রমে ৭২, ২৪ ও ৮ ঘণ্টা করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এখন অগ্রিম রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ৯ থেকে ১৮ ঘণ্টা আগেই তৈরি হয়ে যায়। সেই অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, যাতে অপেক্ষমান তালিকার যাত্রীরা আগেভাগে নিজেদের যাত্রা পরিকল্পনা করতে পারেন এবং খালি আসনের ব্যবহার আরও কার্যকর হয়।

রিফান্ড ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ই-টিকিট বাতিলের ক্ষেত্রে আর টিডিআর (টিকিট ডিপোজিট রিসিপ্ট) জমা দেওয়ার প্রয়োজন হবে না। টিকিট বাতিল হলেই স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ফলে যাত্রীদের ঝামেলা অনেকটাই কমবে। পাশাপাশি, কাউন্টার টিকিট বাতিলের ক্ষেত্রেও বড় সুবিধা দেওয়া হয়েছে। এখন দেশের যেকোনও রেলস্টেশন থেকেই কাউন্টার টিকিট বাতিল করা যাবে, যা আগে শুধুমাত্র নির্দিষ্ট স্টেশনেই সম্ভব ছিল।

যাত্রীদের আরও সুবিধা দিতে নতুন নিয়মে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। আগে এই সুবিধা শুধুমাত্র চার্ট তৈরি হওয়ার আগেই পাওয়া যেত। একইসঙ্গে, যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের টিকিটের শ্রেণিও (ক্লাস) আপগ্রেড করতে পারবেন।

টিকিটিং ব্যবস্থার অপব্যবহার রুখতে রেল প্রযুক্তিগত দিক থেকেও কড়া পদক্ষেপ নিয়েছে। আধারভিত্তিক ওটিপি যাচাই চালু করা হয়েছে এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৩ কোটি ভুয়ো আইআরসিটিসি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর ফলে টিকিটের প্রাপ্যতা বেড়েছে বলে দাবি রেলের।

এদিন রেলমন্ত্রী আরও জানান, ‘রিফর্ম এক্সপ্রেস’ উদ্যোগের অধীনে ইতিমধ্যেই মোট ৯টি সংস্কার কার্যকর করা হয়েছে, যার মধ্যে ৫টি নতুন। এগুলির মধ্যে রয়েছে যাত্রীসুবিধা বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক পদক্ষেপ।

রেলের মতে, এই সমস্ত পরিবর্তনের মাধ্যমে যাত্রী পরিষেবা আরও আধুনিক, স্বচ্ছ এবং ব্যবহারবান্ধব হবে। পাশাপাশি, অপচয় কমিয়ে আসন ব্যবহারের দক্ষতা বাড়বে এবং সাধারণ যাত্রীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande