
মালদা, ২৪ মার্চ (হি.স.): মঙ্গলবার সকালে কীটনাশক খেয়ে এক আলু চাষি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, আলুর দাম না পেয়ে ঋণের দায়ে তিনি আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি পঞ্চায়েতের তেলিপুকুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বিপতী রাজবংশী তেলিপুকুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঋণ নিয়ে চার বিঘা জমিতে তিনি আলু চাষ করেছিলেন। এ বারে আলুর দাম শুরু থেকেই খুব কম। তার উপরে দু'দিন আগে বৃষ্টিতে আলু ভিজে যাওয়ায় চিন্তায় ছিলেন তিনি। সকালে ঘরে কীটনাশক খেয়ে নেন। পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ