
আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় আসন্ন চৈত্র সেলকে ঘিরে শুরু হয়েছে টোকেন বিতরণ প্রক্রিয়া। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে টোকেন বিলি শুরু করলেও, তা ঘিরে একদিকে যেমন ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, অন্যদিকে তেমনি বিশৃঙ্খলার অভিযোগও উঠেছে আগরতলা পুর নিগমের বিরুদ্ধে।
অন্যান্য বছরের মতো এবছরও চৈত্র সেলের আয়োজন করেছে আগরতলা পুর নিগম। তবে এবার স্থান পরিবর্তন করে শকুন্তলা রোডের বদলে রাজধানীর শিশু উদ্যানে এই সেলের আয়োজন করা হচ্ছে। চৈত্র সেলে অংশগ্রহণের জন্য টোকেন পেতে রবিবার দুপুর থেকেই পুর নিগম কার্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকেই দুই দিন ও দুই রাত লাইনে দাঁড়িয়ে থেকে টোকেন সংগ্রহের চেষ্টা করেন।
মঙ্গলবার টোকেন বিতরণ প্রক্রিয়া পরিদর্শনে এসে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, চৈত্র সেলকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে প্রতি বছরই ব্যাপক আগ্রহ থাকে। তিনি বলেন, আগে যেখানে টোকেনের জন্য ফি নেওয়া হত, বর্তমানে বিজেপি পরিচালিত পুর নিগম বিনামূল্যে টোকেন বিতরণের ব্যবস্থা করেছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য বসার জায়গা, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে। তাঁর মতে, টোকেন পেতে এই ভিড়ই প্রমাণ করে চৈত্র সেলের গুরুত্ব ও জনপ্রিয়তা।
তবে টোকেন বিতরণ ঘিরে ক্ষোভও কম নয়। বহু ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তাঁরা টোকেন পাননি। জানা গেছে, প্রায় ১২০০টি টোকেন বিলির ব্যবস্থা করা হলেও অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। ফলে অনেকেই বঞ্চিত হন। ক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, প্রতিবছরই এই ধরনের অব্যবস্থাপনা দেখা যায় এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি।
টোকেন বিতরণকে কেন্দ্র করে এদিন পুর নিগম কার্যালয়ের সামনে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৈত্র সেলকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই উৎসাহ যেমন ইতিবাচক দিক তুলে ধরছে, তেমনি টোকেন বিতরণে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ