
গান্ধীনগর, ২৪ মার্চ (হি.স.) : গুজরাট সরকার মঙ্গলবার বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল ২০২৬ পেশ করল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ‘গুজরাট বিল নম্বর ১৭ অফ ২০২৬’ হিসেবে এটি উপস্থাপন করেন।
এই পদক্ষেপের ফলে উত্তরাখণ্ডের পর গুজরাট দ্বিতীয় রাজ্য হিসেবে ইউসিসি কার্যকর করার পথে এগোলো। প্রস্তাবিত আইনের লক্ষ্য, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং একত্রবাস সম্পর্ক সংক্রান্ত নিয়ম এক করা।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিল কোনও সম্প্রদায়ের সংস্কৃতির ক্ষতি করার জন্য নয়। আদিবাসী সমাজের প্রথা-সংস্কৃতি অক্ষুণ্ণ রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি, মহিলাদের ও শিশুদের ন্যায়বিচার নিশ্চিত করাই এই আইনের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
বিলে বলা হয়েছে, রাজ্যে বিবাহের নিবন্ধন বাধ্যতামূলক হবে। তা না হলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে। একাধিক বিবাহের ক্ষেত্রে চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সব ধর্মের জন্য বিবাহ বিচ্ছেদের নিয়ম এক হবে এবং আদালতের বাইরে দেওয়া তালাক গণ্য হবে না।
একত্রবাস সম্পর্কে থাকা যুগলদের তিন মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এই ধরনের সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানদের বৈধ বলে স্বীকৃতি দেওয়া হবে এবং তারা আইনি অধিকার পাবে। এছাড়া, কেউ উইল না করে মারা গেলে তার সম্পত্তি বাবা-মা, স্ত্রী এবং সন্তানের মধ্যে সমানভাবে বণ্টিত হবে।
সরকার জানিয়েছে, সামাজিক ভারসাম্য বজায় রাখতে তফসিলি উপজাতি এবং কিছু প্রথাগত সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতেই এই বিল তৈরি করা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেস এই বিলের বিরোধিতা করে অভিযোগ করেছে, তড়িঘড়ি করে এটি আনা হয়েছে এবং বিধায়কদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। এদিকে, আহমেদাবাদে এআইএমআইএম কর্মীরা এই বিলের বিরুদ্ধে
প্রতিবাদে নামেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য