
কোডারমা, ২৬ মার্চ (হি.স.) : বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ৫ জন পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার ভোরে ঝাড়খণ্ডের কোডারমা জেলার চান্দওয়ারা থানার অন্তর্গত ধাব–পান্ডেবারা সড়কে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় অটোতে থাকা ৫ জন পরিযায়ী শ্রমিকই আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলেই হাজারিবাগ জেলার চৌপারন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। মুম্বই থেকে ট্রেনে করে কোডারমা স্টেশনে পৌঁছনোর পর শ্রমিকরা নিজেদের গ্রামে ফেরার জন্য একটি অটো ভাড়া করেন। অটোটি চান্দওয়ারা মসজিদের কাছে পৌঁছতেই চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই অটোটি উল্টে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে চাঁদওয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত কোডারমা সদর হাসপাতালে পাঠায়।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা যায়, আহতদের মধ্যে কুনি ভুঁইয়া (৩৫) ও দেবকী কুমার (৩৫)-এর অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাঁচির রিমসে স্থানান্তরিত করা হয়েছে। বাকি তিনজনের চিকিৎসা কোডারমা সদর হাসপাতালেই চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস