রামনবমীর শোভাযাত্রায় মুখোমুখি বিজেপি-তৃণমূল প্রার্থী, তলোয়ার ঘিরে উত্তেজনা
দুর্গাপুর, ২৬ মার্চ (হি.স.): ভোটের মুখে উত্তপ্ত রাজনৈতিক আবহের মাঝেই দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রায় একদিকে দেখা গেল সৌজন্যের ছবি, অন্যদিকে তৈরি হল উত্তেজনাও। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাচিতি বাজার এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা
রামনবমীর শোভাযাত্রায় মুখোমুখি বিজেপি-তৃণমূল প্রার্থী, তলোয়ার ঘিরে উত্তেজনা


দুর্গাপুর, ২৬ মার্চ (হি.স.): ভোটের মুখে উত্তপ্ত রাজনৈতিক আবহের মাঝেই দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রায় একদিকে দেখা গেল সৌজন্যের ছবি, অন্যদিকে তৈরি হল উত্তেজনাও। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাচিতি বাজার এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় মুখোমুখি হন বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা।

পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত বর্ণাঢ্য এই শোভাযাত্রার সামনের সারিতে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এবং দুর্গাপুর পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। লক্ষণের হাতে তলোয়ার এবং চন্দ্রশেখরের হাতে লাঠি নজর কাড়ে উপস্থিতদের।

শোভাযাত্রা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন পুলিশ লক্ষণ ঘড়ুইয়ের হাত থেকে তলোয়ারটি নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর তর্কাতর্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। লক্ষণ ঘড়ুই জানান, শোভাযাত্রা চলাকালীন তলোয়ার তিনি হাতেই রাখবেন এবং এটি তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য।

এই উত্তেজনার মাঝেই শোভাযাত্রায় উপস্থিত হন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তাঁকে বিজেপি প্রার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও কবি দত্ত জানান, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক উপস্থিতি।

পাল্টা কটাক্ষ করে লক্ষণ ঘড়ুই বলেন, “তৃণমূল চাপে পড়ে এখন মিছিলে আসছে।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী জয় শ্রী রাম স্লোগান পছন্দ করেন না, তাই তাঁর দলের প্রার্থী এই উপস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করবেন, সেটাই দেখার।”

অন্যদিকে, কবি দত্ত বলেন, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই এসেছি। ধর্ম সবার, তাই শ্রদ্ধা জানাতে এসেছি। এটিকে রাজনৈতিকভাবে দেখা ঠিক নয়।”

শোভাযাত্রায় এই সৌজন্য বিনিময় যেমন নজর কাড়ে, তেমনই তলোয়ার ঘিরে উত্তেজনার ঘটনাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শোভাযাত্রা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande