
নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রায়াবরমের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণান এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উপরাষ্ট্রপতিও একে অত্যন্ত মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন।
উল্লেখ্য, মৃতদের পরিবার ও আহতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রায়াবরমের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। বৃহস্পতিবার স্ল্যাব কোয়ারির কাছে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মার্কাপুরমের ডিএসপি ডঃ ইউ. নাগরাজু জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। পরে জেলার পুলিশ সুপার ভি. হর্ষবর্ধন রাজু জানিয়েছেন, নিহতদের সংখ্যা ১৪-তে পৌঁছেছে এবং চালক–সহ ২৩ জন আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ওঙ্গোল-মার্কাপুরম জাতীয় সড়কে একটি বেসরকারি বাস এবং একটি লরির মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। বেসরকারি বাসটি জগতিয়াল থেকে কালিগিরির দিকে যাচ্ছিল, আর লরিটি মার্কাপুরমের দিকে যাচ্ছিল। বেসরকারি বাসটি লরিকে সরাসরি ধাক্কা দেওয়ায় আগুন ধরে যায়। দুর্ঘটনায় হরিকৃষ্ণ ট্র্যাভেলসের বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। সংঘর্ষের তীব্রতায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়, ফলে অনেক যাত্রী বেরোনোর সুযোগ পাননি। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। সামনের অংশে থাকা কয়েকজন যাত্রী কোনওভাবে বেরিয়ে প্রাণে বাঁচলেও পিছনের অংশে থাকা যাত্রীরা আগুনে আটকে পড়েন।
ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশেরর মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বিধায়ক কন্দুলা নারায়ণ রেড্ডিও ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ মৃতদের পরিচয় শনাক্ত করার ও দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য