
রামেশ্বরম, ২৬ মার্চ (হি.স.) : তামিলনাড়ুর রামেশ্বরম বন্দর থেকে অনুমতি নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়ে সাতজন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে নেদুন্তিভু (ডেলফট দ্বীপ)-এর সংলগ্ন জলসীমায় এই ঘটনা ঘটে। মৎস্যজীবীদের দুটি মোটরবোটও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, বৈধ অনুমতি নিয়ে একাধিক মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় টহলরত শ্রীলঙ্কা নৌবাহিনী সীমান্ত অতিক্রমের অভিযোগ তুলে ৭ জনকে আটক করে। পরে তাঁদের কাঙ্গেসান নৌঘাঁটিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে মান্নার জেলার মৎস্য দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার পর তাঁদের আদালতে পেশ করা হতে পারে বলে জানা গেছে।
এই ঘটনাকে ঘিরে তামিলনাড়ু ও পুদুচেরির মৎস্যজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমুদ্রসীমা নিয়ে বিভ্রান্তির কারণে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে, যার ফলে মৎস্যজীবীদের জীবিকা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। বাজেয়াপ্ত নৌকা ফেরত না পেলে ঋণ নিয়ে মাছ ধরার কাজে যুক্ত বহু মৎস্যজীবী আর্থিক সংকটে পড়ছেন।
সাম্প্রতিক এই ঘটনায় রামেশ্বরমের মৎস্যজীবী গ্রামগুলিতে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য