
নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সঙ্কটের আবহে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার ৩২টি বিমান পরিচালনা করবে। এর মধ্যে যেমন রয়েছে পূর্বনির্ধারিত বিমান, তেমনই আছে পূর্বনির্ধারিত নয় এমন উড়ানও।
এয়ার ইন্ডিয়ার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার (২৬ মার্চ) পশ্চিম এশিয়ায় মোট ৩২টি পূর্বনির্ধারিত ও পূর্বনির্ধারিত নয় এমন উভয় ধরণের বিমানই পরিচালনা করবে। তার মধ্যে রয়েছে ভারত ও জেড্ডার মধ্যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মোট ১০টি বিমান।
জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি এবং মুম্বই থেকে পরিচালিত হবে, আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান কোঝিকোড় এবং ম্যাঙ্গালোর থেকে পরিচালনা করা হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কট থেকে আসা-যাওয়ার চারটি পূর্বনির্ধারিত বিমান পরিচালনা করবে। এছাড়াও, কোঝিকোড় থেকে রিয়াধের মধ্যে দুটি পূর্বনির্ধারিত বিমান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আর এয়ার ইন্ডিয়া রিয়াধ থেকে আসা-যাওয়ার চারটি পূর্বনির্ধারিত উড়ান পরিচালনা করবে। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত পরিষেবার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিস্থিতি অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা-যাওয়ার পূর্বনির্ধারিত নয় এমন ১২টি বিমান পরিচালনা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ