
মির্জাপুর, ২৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল দুর্নীতি দমন শাখা। মির্জাপুরে সেচ দফতরের এক জুনিয়র ইঞ্জিনিয়ার ১ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পড়েছে বলে জানা গেছে। ঘটনায় দফতরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ইঞ্জিনিয়ার মুসাফির সিং যাদব বানসাগর প্রকল্পের একটি বিভাগে কর্মরত ছিলেন। অভিযোগ, প্রায় ৭০ লক্ষ টাকার বিল পাস করানোর জন্য তিনি এক ঠিকাদারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন।
বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গেছে , ঠিকাদার বিষয়টি দুর্নীতি দমন শাখায় জানালে ফাঁদ পাতা হয়। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, বুধবার বিশেষ রাসায়নিক লাগানো টাকা দেওয়ার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। পরে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
-------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য