
কলকাতা, ২৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ (বিবেচনাধীন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। ওই ৩২ লক্ষের মধ্যে বাদ গিয়েছে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম। এমনই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। এসআইআরের চূড়ান্ত এবং খসড়া তালিকা মিলিয়ে ইতিমধ্যে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ গিয়েছে। প্রথম অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১২ লক্ষ নাম। আগামী তালিকাতেও বাদ পড়তে পারে অনেক নাম। শুক্রবার প্রকাশ হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। তার পর থেকে দিন প্রতি তথ্য নিষ্পত্তির পরিসংখ্যান সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ