
কলকাতা, ২৬ মার্চ (হি. স.) : স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত করতে আইআইটি খড়গপুর বৃহস্পতিবার চার্নক হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। উল্লেখ্য, ওই সহযোগিতার মূল লক্ষ্য অত্যাধুনিক গবেষণা। আইআইটি খড়গপুর তাদের স্বাস্থ্য-সম্পর্কিত গবেষণা চার্নক হাসপাতালের ক্লিনিক্যাল ক্ষেত্রে প্রয়োগ করবে। যৌথ উদ্যোগে গুরুত্ব পাবে— ডায়াগনস্টিক ও ডিজিটাল হেলথ প্রযুক্তির যাচাই ও মান নির্ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং-নির্ভর গবেষণার জন্য ক্লিনিক্যাল ডাটা বিশ্লেষণ, চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের যৌথ প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে প্রযুক্তি উন্নয়নের প্রসার।
আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, এই উদ্যোগ বৈজ্ঞানিক গবেষণাকে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাজমুখী প্রযুক্তি উদ্ভাবনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা জানান, আইআইটি খড়গপুরের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের গবেষণা-নির্ভর উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে আরও শক্তি জোগাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত