
কলকাতা, ২৬ মার্চ (হি. স.): ভোটার তালিকা নির্ভুল না হলে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় বলে অভিযোগ করলেন সিপিআই (এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখতে হলে ভোটার তালিকা নির্ভুল হওয়া অত্যন্ত জরুরি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, মানুষের ভোটাধিকার রক্ষার জন্য প্রতিবাদ হওয়া উচিত এবং এই বিষয়টি গণতন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত।এদিন তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হিসেবে ভোটের আগে ভোটাধিকার রক্ষার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাস্তবে নানা অসঙ্গতি দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার প্রশ্নে সব রাজনৈতিক দলকে একসঙ্গে বৈঠকে বসারও প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।তিনি এদিন জানান, খুব শীঘ্রই বাকি কয়েকটি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়