
শিলিগুড়ি, ২৬ মার্চ (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড়। এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে সাময়িকভাবে নিজের নির্বাচনী প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ।গত সোমবার শিলিগুড়ি ১ নম্বর ওয়ার্ডে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ, এই ঘটনায় নাবালিকার গৃহশিক্ষক জড়িত। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে পরিবার ও স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখেন শংকর ঘোষ। তিনি জানিয়েছেন, অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি প্রচারে ফিরবেন না।এদিকে প্রার্থীর অনুপস্থিতিতে তাঁর হয়ে প্রচারের দায়িত্ব নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। বৃহস্পতিবার শিলিগুড়ির নয়া বাজার এলাকায় শংকর ঘোষের সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।রাজু বিস্ত বলেন, এই দুঃখজনক ঘটনায় তাঁরা মর্মাহত এবং দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি শংকর ঘোষের এই মানবিক সিদ্ধান্তের প্রশংসাও করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়