
নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রির অষ্টম দিনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার কন্যা পুজো করেন। পরে তিনি বলেন, মেয়েদের পথে সমস্ত বাধা দূর করতে দিল্লি সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এদিন বলেন, দিল্লির প্রত্যেক কন্যা যেন কোনও বাধা ছাড়াই নিজের পড়াশোনা শেষ করতে পারে, স্কুলজীবন শেষ করে স্নাতক হতে পারে এবং যা হতে চায়, তাই হতে পারে। তার পথের সমস্ত বাধা দূর করার জন্য সরকার কাজ করবে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরও বলেন, অনেক কন্যাকে প্রায়ই স্কুল থেকে বাড়ি এবং বাড়ি থেকে স্কুলে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হতো। এই বিদ্যাবাহিনীর মাধ্যমে আমি নবম শ্রেণীর প্রত্যেক ছাত্রীকে সাইকেল দেব, যাতে সে তার নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী জুড়ে স্কুলে যাতায়াত করতে পারে। মেয়েরা হল দুর্গার রূপ, সরস্বতীর রূপ। আগামী দিনে তারা এই শহর এবং আমাদের দেশের জন্য গৌরব বয়ে আনবে। সরকারের পক্ষ থেকে আমি আমার প্রত্যেক কন্যাকে অভিবাদন জানাই এবং তাদের অশেষ আশীর্বাদ করি। সে যেন এগিয়ে যায় এবং অনেক উন্নতি করে, সে যা হতে চায়, তাই যেন হতে পারে। সরকার সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করবে যাতে সে তার পড়াশোনা শেষ করতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ